মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০১৬

সমাজ সচেতনতামূলক বিশেষ নাটক 'সংশোধন

সমাজ সচেতনতায় সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘সংশোধন’। তরুণ নির্মাতা মোঃ রাসেল মিয়ার কাহিনী ও মূল পরিকল্পনায় নির্মিত ‘সংশোধন’ নাটিকাটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে স্বপ্নছোঁয়া ভৈরব মিডিয়া। নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মোঃ রাসেল মিয়া এবং সুলতানা চৌধুরী। এছাড়া আরও তরুণ কয়েকজন শিল্পী অভিনয় করেছেন। পরিচালক জানিয়েছেন ‘সংশোধন’ নাটকটি ইতোমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে চার পর্ব প্রচার হয়েছে। পাশাপাশি ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে নাটকটি। পরিচালক আরও জানান, আমাদের সমাজে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে শ্রমজীবী মানুষের অধিকার, শিশু শ্রম নিরুৎসাহিত করণ, পথশিশুদের জীবন, ব্যাচেলর জীবনের বিড়ম্বনা, পরকীয়া, বাল্যবিবাহ ইত্যাদি বিভিন্ন সামাজিক অপরাধ ও অসঙ্গতির বিষয়ে সচেতনতা তৈরিতে নির্মিত হয়েছে নাটক ‘সংশোধন’। নাটকটি সমাজ সচেতনতায় কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী। এ প্রসঙ্গে নাটকের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা মোঃ রাসেল মিয়া বলেন, আমাদের প্রত্যেকের ভেতরে সুন্দর একটি মন ঘুমিয়ে আছে, তাকে জাগিয়ে তুলতে হবে। আমাদের সমাজে হর হামেশাই অন্যায়, অবিচার, নীতি নৈতিকতাহীন, বিবেকবর্জিত কাজ হচ্ছে। তবে আমরা প্রায় সময়ই এগুলো এড়িয়ে চলি। সৎ সাহস নিয়ে সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করি না। এ অন্যায়গুলো এক সময় দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়। সঠিকভাবে প্রতিরোধ না করলে এক সময় এগুলো মহামারী আকার ধারণ করবে। তাই আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের স্বার্থে সব অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। তবেই জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নাটকটির মাধ্যমে আমরা এসব বিষয়কে তুলে ধরা চেষ্টা করেছি। সাড়া পাচ্ছি বেশ ভাল।

শেয়ার করুন