রবিবার, জুন ০৪, ২০১৭

আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

গাজীপুরে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলামের খুনের ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের বড় ভাই মো. আবদুল মোতালেব মিয়া বাদী হয়ে মামলা করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ২০-২২ জনকে আসামি করা হয়েছে। অন্যদিকে ওই খুনের ঘটনায় সুজন নামের আরও একজন আটক হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার এসআই মো. রাজিব খান জানান, রফিকুল ইসলামের খুনের ঘটনায় পরদিন রাতে নিহতের বড় ভাই বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মোশারফ হোসেন সিকদার, উপজেলা বিআরডিবি সভাপতি সিকদার মো. জহিরুল ইসলাম, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি মো. রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. খাত্তাফ মোল্লাসহ ১০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। ঘটনার রাতে সোহেল ও মোহাম্মদ হোসেন নামের সরকারদলীয় সমর্থক দুজনকে আটক করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ পর্যন্ত তিনজন আটক হয়েছে। কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, খুনের সঙ্গে সরাসরি জড়িত সুজনকে কালিয়াকৈর থেকে শনিবার রাতে আটক করা হয়। এদিকে রফিকুল ইসলামের খুনের প্রতিবাদে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগ রোববার কালিয়াকৈর উপজেলায় অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করেছে। এর আগে শনিবার দুপুরে স্থানীয় যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী রফিকুল ইসলামের লাশ নিয়ে কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও কালিয়াকৈর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রতিবাদসভা করে। ওই সভা থেকেই রোববার আধাবেলার হরতাল আহ্বান করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরু মিয়া। শুক্রবার বিকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ মাঠে আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১শে আগস্টে গ্রেনেড হামালায় নিহতদের স্মরণে আলোচনাসভাস্থলের পাশে খুন হন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম। 
স্টাফ রিপোর্টার, গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি | ২০১৫-০৮-২৪ ১০:৩৭ 
http://mzamin.com/details.php?mzamin=ODkyMTQ=&s=MTA=

শেয়ার করুন