বৃহস্পতিবার, জুন ০২, ২০১৬

কালিয়াকৈর হাইটেক পার্কের নতুন নাম ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্কের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ নামকরণ করা হয়েছে। আগামী ১০ বছরে এতে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বুধবার (১ জুন) সকালে উপজেলার হাইটেক পার্কের প্রশাসনিক ভবনে এক মতবিনিময় সভায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, ৩৩৫ একরের বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশের সর্বপ্রথম হাইটেক পার্ক। দেশের সর্ববৃহৎ এই পার্কটি সরকারের সার্বিক সহযোগিতায় পিপিপি মডেলে বাস্তবায়িত হচ্ছে। সিটির ২৩২ একর জমিকে পাঁচটি ব্লকে ভাগ করে প্রশাসনিক ভবন, হাসপাতাল, কাস্টম হাউজ, স্কুল, কলেজ, ব্যাংক, শপিং মল, আবাসিক এলাকা, শিল্প এলাকা ও কনভেনশন সেন্টারে ভাগ করা হয়েছে।
এছাড়া তরুণ প্রজন্মকে কারিগরী শিক্ষায় প্রশিক্ষিত করতে একটি আইটি ইনস্টিটিউট নির্মাণের প্রস্তাবনাও রয়েছে। এর ফলে ২০৪১ সালের মধ্যে আর্থিক প্রবৃদ্ধিতে গার্মেন্টস খাতকে ছাড়িয়ে যাবে দেশের আইটি খাত।
এ সময় বঙ্গবন্ধু হাইটেক সিটির এমডি হুসনে আরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ডেভেলপার কোম্পানিগুলোর প্রধান এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন