সোমবার, মে ৩০, ২০১৬

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২


গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগালে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের পোশাক কারখানার শ্রমিকেরা ধাওয়া করে বাসটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে তাঁরা আরও পাঁচ থেকে সাতটি বাস ভাঙচুর করেন। সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এক ঘণ্টা কালিয়াকৈর-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চক্রবর্তী এলাকায় সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। নিহত যাত্রীদের একজন নারী ও একজন পুরুষ। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ লাশ উদ্ধার করে শনাক্তের চেষ্টা করছে বলে তিনি জানান।

শেয়ার করুন