গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল
মহাসড়কে বাস চাপায় সালেক মিয়া (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত সালেক মিয়া ওই এলাকার সদর আলীর ছেলে। তিনি ফার্মেসী ব্যাবসায়ী ছিলেন
বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ
দুর্ঘটনা ঘটে।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার উপ-পরিদর্শক
(এস আই) মোঃ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, সকাল ১০টার দিকে মোটর
সাইকেল যোগে সফিপুর বাজার থেকে বাসার দিকে যাচ্ছিলেন সালেক মিয়া। এ সময়
গাজীপুরগামী (টাঙ্গাইল টু গাজীপুর) জনতা সুপার নামের একটি যাত্রীবাহী বাস
মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সালেক মিয়ার মৃত্যু হয়।
ওই
ঘটনার পর স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন
ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রায় একঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের পরিবারের সদস্যরা মরদেহ
নিয়ে গেছেন। বাস ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
খবর
