রবিবার, আগস্ট ০৭, ২০১৬

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র নিহত

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দেওয়ান সাব্বির হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার মুদিপাড়া এলাকার একটি বিলে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ঢাকার আশুলিয়া থানাধীন দিঘলগ্রাম এলাকার দেওয়ান সেলিমের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে উপজেলার বাসুরা গ্রামের লোকজন ইঞ্জিন চালিত একটি নৌকাযোগে মিরপুর যাচ্ছিল। এ সময় সাব্বির ও সোহাগ সহ আরো কয়েকজন নৌকার উপরে বসেছিল। পথিমধ্যে ইঞ্জিন চালিত নৌকাটি উপজেলার মুদিপাড়া এলাকার একটি বিলে পৌছলে উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে স্পর্শ হয়। এতে নৌকার উপরে থাকা সাব্বির ও সোহাগের শরীর ঝলসে যায়। পরে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম সময়ের কণ্ঠস্বরকে জানান, সাব্বিরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়া শরীর ঝলসানো অবস্থায় অপর একজনকে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন