গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল বালক পাইলট উচ্চ বিদ্যালয় থেকে
৬টি ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই স্কুলের দুই
নৈশ প্রহরীকে আটক করেছে পুলিশ। দিবাগত রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে বলে
জানিয়েছেন কালিয়াকৈর থানার এএসআই আনিসুর রহমান। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃত
দুই নৈশ প্রহরী হলো-নসি মুদ্দিন ও আকবর আলী।
কালিয়াকৈর থানার সহকারি উপ-পরিদর্শক
(এএসআই) মোঃ আনিসুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় স্কুলের
তৃতীয় তলার একটি কক্ষে ৬টি ল্যাপটপ রেখে কক্ষটিতে তালা ঝুলিয়ে দিয়ে সকলেই
চলে যায়। পরের দিন আজ বৃহস্পতিবার সকালে তালা খোলে দেখে ওই কক্ষে
ল্যাপটপগুলো নেই। পরে পুলিশে খবর দিলে কালিয়াকৈর থানার ওসি মোঃ আব্দুল
মোতালেব মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় দুই নৈশ প্রহরীকে
জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
স্কুলের
পিয়ন মোঃ সোহেল মাহামুদ জানান, গতকাল (বুধবার) স্কুলের ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষক মোঃ একরামুল হক তাকে ডেকে নিয়ে সকল কক্ষে তালা লাগিয়ে সন্ধ্যায় তাকে
(ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) চাবি দিয়ে আসতে বলেন। সেই সাথে পরের দিন সকালে
চাবি তার (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) কাছ থেকে নিতে বলেন। কিন্তু বুধবার
থেকে এ নিয়ম চালু করতেই ওইদিন রাতে ৬টি ল্যাপটপ চুরি হলো। বিষয়টি সন্দেহজনক
বলে মনে হচ্ছে।
স্কুলের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক মোঃ একরামুল হক বলেন, ‘তালা লাগিয়ে চাবি
দিয়ে যেতে হবে আবার চাবি সকালে আমার কাছ থেকে নিতে হবে এ রকম কোন নিয়ম করা
হয়নি। তবে গতকাল ওই কক্ষের চাবি আমার কাছে ছিল। কিন্তু চুরি হওয়ার পর সকালে
যে তালা কক্ষটিতে লাগানো ছিল সেটা আমার কাছে রাখা চাবির নয় সেটা অন্য একটি
তালা।’ এছাড়া স্কুলের দুই নৈশ প্রহরীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে
গেছে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
খবর
