রবিবার, ডিসেম্বর ১১, ২০১৬

ইভা আলমাছ_ এর কবিতা

" অতৃপ্ত প্রেম "
--------------
অনেক দূরে হারিয়ে যাবো
অতোটাই দূরে ------
যেখান থেকে কেউ কখনো ফিরে আসেনি
আসতে পারেনা ।
তুমি খুশি হবেতো ?
একবুক অভিমান নিয়ে
আকাশ জুড়ে যে মেঘের বিচরণ
বৃষ্টি হয়ে ঝরে পড়ে শুকনো
মাটির 'পরে,
মাটি কি কভু ফিরিয়েছে সেই মেঘদূত?
অথবা নীলগিরির গায়ে লেপটে থাকা
ধবল তুষারপাত.....
ইচ্ছে মত আসে যায়...
কভু কি দেখেছো সেখানে
অনিয়মের ঝড় ?
তুমি শুধু পারলেনা একটি বারও
বর্ণময় কাব্যতে
জীবনের বিবর্ণ খাতায়
রঙিন প্রজাপতি আঁকতে!
নাইবা হলে আমার,
কোন ক্ষতি নেই ;
তুমি আমায় ফিরিয়েছো ;
ধরিত্রী ফেরাবেনা ,
ভালবেসে তার বুকে টেনে নেবে
পরম বিশ্বাসে........।
একটাই অনুরোধ রেখে গেলাম --
আমায় ভেবে কখনো যদি
অশ্রুর ঢল নামে দু' নয়নে,
সমাধির মাটি ভিজিয়ে দিও।
আমি বুঝে নেব, কতটা ভালবাসা
জমিয়ে রেখেছিলে
এই আমার জন্যে ----
তাতেই আমি খুঁজে নেবো
অতৃপ্ত হৃদয়য়ের প্রাপ্তি ।।



শেয়ার করুন