শুক্রবার, জুন ২৩, ২০১৭

গাজীপুরে মহাসড়ক গুলোতে যানবাহনের দীর্ঘ লাইন

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন। বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ব্রিজ থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কে যানবাহনের চাপ সবচেয়ে বেশি।


শুক্রবার সকাল থেকেই ঢাকা, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ঘরমুখো যাত্রীদের চাপ পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে।

ভোগড়া বাইপাস থেকে কোনাবাড়ি হয়ে চন্দ্রা পর্যন্ত সড়কের যানবাহনের অত্যাধিক চাপ রয়েছে। এ কারণে যানবাহন চলছে ধীর গতিতে।

গাজীপুর শিল্পসমৃদ্ধ হওয়ায় এ অঞ্চলে ঈদে ঘরমুখো মানুষের সংখ্যা বেশি। আজ ছুটির দিন হওয়ায় সবাই এক সঙ্গে গন্তব্যে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হয়েছেন। যানজট নিরসনে কাজ করে যাচ্ছে আইনশৃংখলা বাহিনী।

সালনা হাইওয়ে পুলিশের ওসি হোসেন সরকার জানান, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহনের অনেক চাপ রয়েছে। তবে কোন দীর্ঘ যানজট নেই। গাড়িগুলো ধীর গতিতে চলছে।

শুক্রবার ভোর থেকেই হাজার হাজার মানুষের ভিড় শুরু হয় বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে। বিশেষ করে সেহরির পর থেকে গন্তব্যের উদ্দেশ্যে সাধারণ মানুষ বাসা থেকে বের হতে থাকেন।

সকাল ৮টার দিকে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহনের চাপে যানজটের সৃষ্টি হয়। গাড়ি একেবারে থেমে না থাকলেও ধীরগতিতে চলছে।

জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, যানবাহনের প্রচন্ড চাপে রাস্তায় র্দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। আইনশৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য যানজট নিরসনে দায়িত্ব পালন করেছন।

যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌছানোর জন্য পুলিশের পক্ষ থেকে সব রকম সেবা দেয়া হচ্ছে। গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহিন রেজা জানান, টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তায় রাস্তার কোন সমস্যা নেই। বৃষ্টি না থাকায় যানবাহন চলাচলে সুবিধা হচ্ছে।

শেয়ার করুন