অপরাধ বিশ্লেষণ ও এর প্রতিকার বিধানের চুড়ান্তরূপ হল বিচার বা রায়। দীর্ঘ বিচার-বিশ্লেষণ ও জেরার পর মামলার আসামী থেকে অপরাধ সংগঠনকারী বা মূল অপরাধী এবং অপরাধে সহায়তাকারী বা সহযোগী অপরাধী নির্ণয় হয়। এরপর প্রতিকার বিধান। প্রতিকারের ক্ষেত্রে মূল অপরাধীর সাজা সহযোগী থেকে তুলনামূলক বেশি হয়। অর্থাৎ সহযোগী অপরাধীর সাজা কম বা সর্বোচ্চ সমান হয়। মূল অপরাধীর সাজা মওকুফ হলে, সহযোগীর সাজাও মওকুফ হয়। মূল অপরাধী জামিন পেলে, সহযোগীর জামিনও অবশ্যম্ভবি। এটিই আইনি বিধান বা বিচারিক নিয়ম। বাংলাদেশে সম্পুর্ণ উল্টো। এদেশে মূল অপরাধীর সাজা হোক, নাহোক বা কম হোক; সহযোগী অপরাধীর সাজা বেশি হয়। তা বলাও অন্যায়। তাতে বিচারবিভাগের অবমাননা হয়। এটি একটি স্বাধীন সংস্থা। এ বিভাগ ব্যতিত দেশে সব বিভাগেরই রয়েছে আলাদা তদারকি সংস্থা। প্রাসঙ্গিক বিশ্লেষণে ফুটে উঠেছে বাস্তবতা।
প্রসঙ্গত সবচেয়ে আলোচিত, বেগম জিয়ার জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলার রায় ও তাঁর আটকের বিষয়। দুদকের দায়ের করা মামলার এজাহারে, বেগম জিয়া মূল অপরাধী বা ১নম্বর আসামী। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ৬৩২ পৃষ্ঠার রায় বিবরণীতে তাই প্রমাণ হয়েছে। বিচারক ডঃ আখতারুজ্জামান সেভাবেই রায় প্রদান করেছেন। তিনি বেগম জিয়াকে বিশেষ বিবেচনায় ৫বছর আর সহযোগীদের ১০বছর সাজা প্রদান করেছেন। বিচারক মহোদয় রায়ে মূল অপরাধীর সাজা কমিয়েছেন কিন্তু সহযোগীদের সাজা কমাননি। এটি আইনসম্মত কিনা, বিশ্লেষণ প্রয়োজন। পৃথিবীর কোথাও এমন নজির আছে কিনা, তা অবগতি প্রয়োজন। যদি থাকে, তবে ভালো। না থাকলে, আইনবহির্ভূত রায় প্রদানের জন্য বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিচারক অভিশংসন বা রায়ের শুদ্ধতা-অশুদ্ধতা বিশ্লেষণের জন্য গঠনমূলক প্রকাশ্য মাধ্যম বা সংস্থা গড়ে তোলা উচিত।
অর্থ আত্মসাতের মামলাগুলো অতি প্রাসঙ্গিক। হলমার্ক ও বেসিক ব্যাংকের মতো অর্থ আত্মসাতের বহু মামলায় মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। যারা পেশাজীবী হিসেবে অপরাধে সহযোগীতা করতে বাধ্য হয়েছে, তারাই জেলে বন্দী রয়েছে এবং তাদেরই বিচার চলছে। দুদক এসব মামলার তদন্তকারী সংস্থা। উল্লেখ্য যে, আর্থিক প্রতিষ্ঠানসমূহে বড় বড় ঋণ প্রস্তাব অনুমোদন হয় বোর্ডসভা থেকে। নিয়মিত কর্মকর্তাগণ বোর্ডের নির্দেশনা মানতে বাধ্য। তাই অর্থ আত্মসাতকারীদের ঋণ অনুমোদনে বোর্ডসভার সদস্যগণই প্রকৃত দায়ী। অথচ বিচারের ক্ষেত্রে তারা ধরা-ছোঁয়ার বাইরে। বিচারকগণ মূল অপরাধীদের বাদ দিয়ে সহযোগী অপরাধীদের বছরের পর বছর আটকের আদেশ দিচ্ছেন। এটিই বাংলাদেশে বিচারব্যবস্থার স্বরূপ। এদেশে মূল অপরাধীর সাজা কম আর সহযোগী অপরাধীর সাজা বেশি।
প্রশ্নপত্র ফাঁসের বিষয়ও প্রাসঙ্গিক। যারা প্রশ্নপত্র ফাঁস করে, তারা আটক হয়না। যারা প্রশ্নপত্র পায়, শুধু তারা আটক হয়। বিচারকগণ প্রশ্নপত্র ফাঁসকারীদের পরিবর্তে প্রশ্নপ্রাপ্তদের নির্দ্বিধায় আটকের আদেশ দেন। অর্থাৎ বিচারকদের কাজই হল, মূল অপরাধীর চেয়ে সহযোগী অপরাধীকে অধিক সাজাদান।
এভাবে মূল অপরাধীর চেয়ে সহযোগী অপরাধীদের বেশি সাজাদানের প্রমাণ রয়েছে অসংখ্য। বাংলাদেশে আইনের চোখ অন্ধ তাই রায় বেআইনি হলেও তার সমালোচনা নিষিদ্ধ। এ অন্যায়-জুলুম থেকে দেশ ও দেশবাসী মুক্তি পাক, এটিই কাম্য।
শিক্ষানবিস আইনজীবী, ঢাকা।
mrmostak786@gmail.com.
খবর বিভাগঃ
সিরাজী এম.আর মোস্তাক এর লেখা
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন