শনিবার, সেপ্টেম্বর ০৯, ২০২৩

বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 'কটূক্তি' করায় লালমনিরহাটে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা অভিযোগ দায়ের হয়েছে।
বৃহস্পতিবার রাতে লালমনিরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান খান তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেন। 

শনিবার লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, আসাদুল হাবিবের বিরুদ্ধে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অভিযোগ করা হয়েছে। এতে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় দেওয়া বক্তব্যে দুলু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন। 

ওমর ফারুক বলেন, রোববার অভিযোগটি রংপুর তথ্যপ্রযুক্তি আদালতে পাঠানো হবে। আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করলে পুলিশ আইনিব্যবস্থা নেবে।

এ ব্যাপারে জানতে আসাদুল হাবিব দুলুর মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।


শেয়ার করুন