মঙ্গলবার, জুলাই ১২, ২০১৬

সর্বনাশা পরকীয়ার নেশায় নিজ শিশুকে হত্যা করলো বাবা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর এলাকায় পরকীয়া প্রেমের ঘটনাকে কেন্দ্র করে তিন মাস বয়সী এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে।
রবিবার (১০ জুলাই) সকালে নিহত শিশুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বাবা জাহাঙ্গীর আলম তার শিশু সন্তান আরাফাত হোসেনকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। জাহাঙ্গীর তার স্ত্রী খাদিজা বেগমকে নিয়ে উপজেলার সাকাশ্বর এলাকার হবিউল্লাহ এর বাড়িতে ভাড়ায় থেকে টমটম গাড়ী চালাত।
নিহতের মা খাদিজার অভিযোগ, জাহাঙ্গীরের সঙ্গে ৬ মাস আগে স্থানীয় অপর একটি মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে তাদের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। শনিবার রাত ২টার দিকে ছেলেকে দুধ খাইয়ে খাদিজা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে জেগে ছেলের মৃত্যু হয়েছে দেখে কান্নাকাটি করতে থাকে।
এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। বাবা-মা দুজনকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করলে জাহাঙ্গীর তার শিশুসন্তানকে হত্যার দায় স্বীকার করে। পরে নিহত শিশুর মা বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, শিশুটির বাবা হত্যার দায় স্বীকার করেছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শেয়ার করুন