বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) শুরু হওয়ার কথা ৪ নভেম্বর। ১৬ সেপ্টেম্বর
প্লেয়ার্স ড্রাফট। তার আগেই দল গোছানোর কাজ এগিয়ে নিল খুলনা টাইটানস।।
বুধবার ঢাকায় একটি পাঁচতারা হোটেলে দলের শ্রীলংকান কোচ মাহেলা জয়াবর্ধনে ও
অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহর নাম ঘোষণা করেছে খুলনা। সাত বিদেশি খেলোয়াড়
পাকিস্তানের জুনায়েদ খান, সরফরাজ আহমেদ ও শাদাব খান, অস্ট্রেলিয়ার ক্রিস
লিন, শ্রীলংকার সেক্কুগে প্রসন্ন এবং দক্ষিণ আফ্রিকার রিলে রুশো ও কাইল
অ্যাবটকে নিশ্চিত করেছে তারা । গত মৌসুমে অভিষেকে তৃতীয় হয়েছিল খুলনা।
অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, এবার চ্যাম্পিয়ন হওয়াই তার দলের লক্ষ্য। এ
সময় ফ্র্যাঞ্চাইজির মালিক ও বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ ও দলের মেন্টর
এবং সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার উপস্থিত ছিলেন।নিয়ম অনুয়ায়ী
এই আসরে সব খেলোয়াড়দেরই প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিদের দলে
নেয়ার কথা। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়ে দিয়েছে, গত আসরের দল থেকে আইকন
খেলোয়াড়সহ চারজন দেশি ক্রিকেটার রাখা যাবে। এ কারণেই মাহমুদউল্লাহকে
অধিনায়ক রাখার ঘোষণা দিয়েছে খুলনা। গত আসরে বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে
খেলা জয়াবর্ধনে এবার খুলনার কোচ। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ।
গত আসরে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য টুর্নামেন্টে হয়েছিলেন
মাহমুদউল্লাহ। জাতীয় দলের হয়ে বল হাতে এখন তাকে দেখা যাচ্ছে না। বোলিংটা কী
মিস করছেন? তার উত্তর, ‘আমি সব সময় দলের প্রয়োজনে বোলিং করার জন্য
প্রস্তুত। যে মুহূর্তে যে কাজ করা উচিত এবং সেটা যদি আমাকে দিয়ে সম্ভব হয়,
আমি করতে রাজি।’মাহমুদউল্লাহ বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য থাকে প্রতিটি দলের। আমাদেরও একই লক্ষ্য। তবে পরিবেশ ভালো থাকাটা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘সবার সমর্থন ছাড়া ভালো করা সম্ভব না। গত বছর আমাদের দলটা ভালো ছিল না। এবার ভারসাম্য পূর্ণ মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘দেশীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্টের জন্য গুরুত্বপূর্ণ। এখানে যে দলের স্থানীয় ক্রিকেটাররা ভালো করবে তারাই এগিয়ে যাবে। আমরাও স্থানীয় ক্রিকেটারদের কাছ থেকে ভালো কিছু আশা করব।’ ইনাম আহমেদ খুলনাকে নিয়ে আরও বড় পরিকল্পনার কথা জানালেন। তিনি বলেন, ‘আমরা বিপিএলকে শুধু খেলা আর ধুমধাড়াক্কার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। খুলনা থেকে জাতীয় দলের অনেক খেলোয়াড় উঠে আসে। আমরা এ জায়গায় গুরুত্ব দিতে চাই। খুলনা টাইটানসের একাডেমি গড়ারও ইচ্ছা রয়েছে।’
দলের মেন্টর হাবিবুল বাশার বলেন, ‘দুর্বল জায়গাগুলো পূরণ করে ভালো একটি দল তৈরির চেষ্টা করছি আমরা। এবার জয়াবর্ধনে এসেছে। দলটা আরও গোছানো হবে।’
খবর বিভাগঃ
খেলার খবর
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন