গাজীপুরের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্ত
হওয়ার আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ভারপ্রাপ্ত
মেয়র হিসেবে আসাদুর রহমানের নিয়োগও বাতিল করেছেন আদালত। এছাড়া তাকে
বরখাস্তের আদেশ কেন বেআইনি হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন।
এর আগে আজ সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে রিট আবেদন করেন তার আইনজীবী আবু হানিফ।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে বিএনপি এই নেতাকে
মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক
মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় আইন অনুযায়ী এই পদক্ষেপ
নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক এম এ মান্নান ২০১৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত
প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র
নির্বাচিত হন। তবে তাকে তিনবার বরখাস্ত করা হয়।
নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ার পর ২০১৫ সালের ১৯
অগাস্ট মান্নানকে প্রথম বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। এরপর রিট
আবেদন করলে উচ্চ আদালতে ওই আদেশ স্থগিত করে। ২৮ মাস পর তিনি চেয়ারে বসতে
গেলে ওই দিনই তাকে আবারো বরখাস্ত করা হয়। গত বছরের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের
মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশের বিরুদ্ধে আবার উচ্চ আদালতে গেলে
স্থানীয় সরকার বিভাগের সেই বরখাস্তের আদেশ স্থগিত করে। এরপর গত ১৮ জুন
পুনরায় মেয়রের চেয়ারে বসেন তিনি। তার ১৮ দিনের মধ্যে তাকে ফের বরখাস্ত করল
সরকার।
বাসে পেট্রোল বোমা হামলার মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায়
মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার
বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে। সব মামলায় তিনি জামিন নিয়েছেন।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন